বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা কামনা করছি।
প্রসঙ্গত, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এই সাত জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/আদর/পারভেজ












