চট্টগ্রাম শনিবার, ১১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আমাকে হত্যার চেষ্টা করলে ইরানকে ধ্বংস করব: ট্রাম্প

১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আমাকে হত্যার চেষ্টা করলে ইরানকে ধ্বংস করব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানের বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন তিনি।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং তা ইরানের দিকে তাক করা আছে। ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা করে বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গেই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

ট্রাম্প আরোও বলেন, ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এক বছরের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তারা এটি করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।

 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার গোয়েন্দা তথ্য দিয়ে ইরানে নতুন করে হামলার পরিবেশ তৈরির অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুদ্ধবিরতি ভেঙে নতুন সামরিক পদক্ষেপের সিদ্ধান্তে প্রভাব ফেলতেই ট্রাম্প প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়।

সম্প্রতি ইসরায়েল দাবি করে, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এ–সংক্রান্ত তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছায়। তবে আরেকটি সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই এমন পরিকল্পনার গুঞ্জন পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট