চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

কাতার-বাহরাইন ও কুয়েতে হামলা চালাচ্ছে ইরান

কাতার-বাহরাইন ও কুয়েতে হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

৯ জুলাই, ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ণ

নতুন করে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

 

ইরানের ছোড়া মিসাইল অথবা ড্রোনের কারণে ইতিমধ্যে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতের একটি ঘাঁটি তাদের সেনাদের হামলায় কেঁপে উঠেছে।

 

অপর একটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

 

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলা শুরু হয়েছে। তবে যুদ্ধের শুরুতে হামলার যে তীব্রতা ছিল সেটি এখন পর্যন্ত পরীলক্ষিত হয়নি।

 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের গোলেস্তান প্রদেশের একটি রেলসেতুতে ক্রুজ মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। আর সেতুতে হামলার কঠোর জবাব দেওয়া হবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট