চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, কমপক্ষে ১০ জন নিহত

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, কমপক্ষে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২ জুলাই, ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বুধবার রাতভর বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার (২ জুলাই) এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আকাশ, স্থল ও সমুদ্রপথের দীর্ঘ পাল্লার নিখুঁত অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই ‘যৌথ হামলা’ চালিয়েছে। মস্কোর দাবি, কিয়েভসহ দিনিপ্রোপেত্রভস্ক, পোলতাভা, চেরকাসি ও চেরনিহিভ অঞ্চলের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা, জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

 

রুশ হামলার মুখে সতর্ক অবস্থান নিয়েছে প্রতিবেশী দেশগুলো। পোল্যান্ডের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আকাশসীমা রক্ষায় তারা যুদ্ধবিমান মোতায়েন করেছে। পাশাপাশি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। ফিনল্যান্ডও সাময়িকভাবে তাদের আকাশসীমায় উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল।

 

যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্তেফানিশিনা জানান, হামলার সময় কিয়েভের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে রাত কাটিয়েছে। শহরের বিভিন্ন আবাসিক এলাকায় আগুন ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইউক্রেন কতগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করতে পেরেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

 

ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভেতরে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার একটি বড় স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছিল কিয়েভ। রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার যুদ্ধের রসদ কমিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা এ ধরনের হামলা চালাচ্ছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট