চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

পাকিস্তান সীমান্তে হামলা চালাল আফগানিস্তান

পাকিস্তান সীমান্তে হামলা চালাল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

১ জুলাই, ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মঙ্গলবার (৩০ জুন) রাতে হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। এতে কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

এদিকে এ ঘটনার সত্যতা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগান সেনাবাহিনীর নিক্ষিপ্ত ৪টি সামরিক ড্রোন পাকিস্তানের সেনাবাহিনী ভূপাতিত করেছে। যদি আফগানিস্তান ফের হামলা করে, তাহলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তাও দিয়েছে সেনাবাহিনী।

 

এর আগে, গত ২৮ জুন আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্যমতে, পাকিস্তানের রবিবারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

 

এদিকে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের রবিবারের বিমান অভিযানে আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৬ জন। একইসঙ্গে এসময় আহত হয়েছেন ১৬০ জন।

 

জানা যায়, পাকিস্তানের এই বিমান অভিযানকে ‘কাপুরুষোচিত’ এবং ‘নৃশংস’ বলেও নিন্দা জানিয়েছে তালেবান সরকার।

 

রবিবার রাতে আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে জঙ্গি-সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা লক্ষ্য বিমান অভিযান পরিচালনা করা হয়েছিল; সেই অভিযানে ২৯ জন নিহত হয়েছে এবং নিহতরা সবাই জঙ্গি ছিল বলে দাবি করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মূলত সেই অভিযানের জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন