চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে ভারত: ট্রাম্প

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ

বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করলেও ভারত সম্পর্কে কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা নিয়েছে এবং মার্কিন পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে। তবে একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, দুই দেশ শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে তিনি বিশ্বাস করেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লি খুব শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে তিনি বিশ্বাস করেন।

যদিও ট্রাম্প প্রশাসন সম্প্রতি জানিয়েছে যে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ভারতসহ ৫৪টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা (ভারতের সঙ্গে) একটি চুক্তিতে পৌঁছাব, কারণ আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি আমার ভালো বন্ধু এবং আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। আমাদের সম্পর্কও ভালো।’

বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প অভিযোগ করেন, ভারত বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নীতির সুযোগ নিয়েছে এবং মার্কিন পণ্যের ওপর অত্যন্ত উচ্চহারে শুল্ক আরোপ করেছে। তার দাবি, তিনি শুধু সেই পরিস্থিতি উল্টে দিচ্ছেন।

ট্রাম্প বলেন, ‘বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে ভারত। তারা আমাদের ওপর বিশাল শুল্ক আরোপ করেছে, অথচ বিনিময়ে কিছুই দেয়নি। এখন পরিস্থিতি পুরোপুরি উল্টো। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে অনেক অর্থ আয় করছি।’

এর আগে এই সপ্তাহের শুরুতে একটি মার্কিন প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতে সফর করে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা সহযোগিতা ও বাস্তববাদী মনোভাবের মধ্য দিয়ে হয়েছে।

উভয় পক্ষই পারস্পরিক লাভজনক একটি চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং সেই চুক্তি দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তবে একই সময়ে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার দেশগুলোর ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের নতুন পরিকল্পনারও ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলছে, বিশ্বের ৫৪টি দেশ থেকে আমদানি হওয়া কিছু পণ্য জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত হয়েছে বলে তদন্তে দেখা গেছে। এই তালিকায় অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইসরায়েল, জাপান, কাতার ও রাশিয়াসহ বিভিন্ন দেশ রয়েছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের সুবিধা নেয়ার কথা বলতে গিয়ে ট্রাম্প মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসনের উদাহরণও তুলে ধরেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ভারতের উচ্চ শুল্কের কারণে হার্লে-ডেভিডসনের জন্য সেখানে (ভারতে) মোটরসাইকেল বিক্রি করা কঠিন হয়ে পড়েছিল।

তিনি বলেন, ‘ভারত আগে হার্লে-ডেভিডসনকে (ভারতে) মোটরসাইকেল বিক্রি করতে দিত না। ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে হার্লে-ডেভিডসন কার্যত বাজার থেকে ছিটকে যায়। পরে তারা ভারতে গিয়ে নিজেদের কারখানা স্থাপন করে। এটা দুর্ভাগ্যজনক ছিল, তবে এমনটাই হয়েছে। সেটা আমার দায়িত্ব নেয়ার আগের সময়ের ঘটনা।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট