চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

নতুন ওমরাহ মৌসুম শুরু

ওমরাহ ভিসা প্রদান ও যাত্রী প্রবেশ চালু করেছে সৌদি আরব

অনলাইন ডেস্ক

১ জুন, ২০২৬ | ২:১৪ অপরাহ্ণ

পবিত্র হজ শেষে নতুন ওমরাহ মৌসুমের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুম উপলক্ষে রোববার (৩১ মে) থেকে ওমরাহ ভিসা প্রদান এবং আন্তর্জাতিক ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশ শুরু হয়েছে।

 

মন্ত্রণালয়ের ঘোষিত ওমরাহ ক্যালেন্ডার অনুযায়ী, যুলহিজ্জাহ মাসের ১৪ তারিখ, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৩১ মে ২০২৬-এর সমতুল্য, সেদিন থেকেই নতুন মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম চালু করা হয়েছে। একইসঙ্গে বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরবে আগমনও শুরু হয়েছে।

 

তবে মক্কায় প্রবেশ এবং উমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) গ্রহণের কার্যক্রম আজ ১ জুন থেকে চালু হয়েছে। ওমরাহ যাত্রীরা সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।

 

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৮ হিজরি মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। আর উমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ২৩ মার্চ ২০২৭। সব ওমরাহ যাত্রীকে আগামী ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

 

সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক ডিজিটাল রূপান্তর এনেছে সৌদি আরব। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পারমিট, অনলাইন বুকিং, কিউআর কোড যাচাই এবং বিভিন্ন সেবাকে একীভূত করা হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে ক্রমবর্ধমান হজযাত্রীর চাপ সামাল দিতে পরিবহন ও আবাসন অবকাঠামোও সম্প্রসারণ করা হচ্ছে।

 

এর আগে হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মে ওমরাহ পারমিট প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। হজ কার্যক্রম শেষ হওয়ার পর নতুন মৌসুমের জন্য আবারও ওমরাহ ভিসা ও পারমিট চালু করা হলো।

পূর্বকোণ/রেহেনুমা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট