চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হরমুজ প্রণালীর কাছে আটকা পড়ে থাকা নৌযান। ছবি: রয়টার্স

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার চলার মধ্যে পরস্পরবিরোধী দাবি নিয়ে ধোঁয়াশা সৃষ্টির পর ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

বুধবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের একটি ড্রোন অভিযানকে লক্ষ্যবস্তু করে সেখানে আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। এই ড্রোন অভিযান মার্কিন বাহিনী ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছিল।

 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে আবার জাহাজ চলাচল শুরুর করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে, এক ইরানি গণ্যমাধ্যমের এমন দাবি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পর হামলাটি চালানো হয়।

 

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন বাহিনী চারটি ইরানি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে আর পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণে বাধা দিতে বন্দর শহর বন্দর আব্বাসে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে আঘাত হেনেছে।

 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর ৭ এপ্রিল থেকে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। এরমধ্যেই মঙ্গলবার ভোররাতে হরমুজ প্রণালির পার্শ্ববর্তী হরমোজগান প্রদেশে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্যস্থল করে হামলা চালায় মার্কিন বাহিনী। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানি বাহিনীর মাইন স্থাপনে বাধা দিতেও হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানায়।

 

এর ধারাবাহিকতায় বুধবারও ইরানে হামলা চালাল মার্কিন বাহিনী। তবে এসব হামলাকে ‘প্রতিরক্ষামূলক’ বলে দাবি করেছে ওয়াশিংটন।

 

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, “এসব পদক্ষেপ হিসাব করা, পুরোপুরি প্রতিরক্ষামূলক ও যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।”

 

ইরানের বার্তা সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়েছে, যেখানে তিনি বলেছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী হরমুজ প্রণালি পার হতে চেষ্টা করা এক মার্কিন তেল ট্যাংকার লক্ষ্য করে গুলি ছুড়েছে আর তাতে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়েছে। এরপর মার্কিন বাহিনী বন্দর আব্বাসের আশপাশে খোলা জায়গায় আঘাত হেনেছে আর তাতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

পরে ইরানি গণমাধ্যম এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবারের প্রথমদিকে চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাদের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর সেগুলো ফিরে যায়।

 

যুক্তরাষ্ট্রের মঙ্গলবারের ভোররাতের হামলাকে যুদ্ধবিরতির ‘গুরুতর লংঘন’ বলে অভিহিত করেছে ইরান।

 

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকের প্রাথমিক ও অনানুষ্ঠানিক কাঠামোর একটি খসড়া চুক্তি হাতে পাওয়ার দাবি করে জানিয়েছে, ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনা করবে ও একমাসের মধ্যে যুদ্ধের আগের সময়ের মতোই এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের এলাকা থেকে সেনা সরাবে ও হরমুজে নৌ-অবরোধ তুলে নেবে।

 

বুধবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এ দাবিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: বিডিনিউজ 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট