অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (২০ মে) দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দেওয়া ভাষণে তিনি বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক ঐতিহাসিক মুহূর্তে রয়েছে ইরান।
ভাষণে খামেনি বলেন, সরকারের তিনটি শাখার নেতৃত্ব থেকে শুরু করে সব পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের জাতীয় সংহতি বাড়াতে হবে এবং অর্থনৈতিক ও জীবনযাত্রার সংকট মোকাবিলায় ভূমিকা রাখতে হবে।
একই দিনে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরুর চেষ্টা করছে এবং এখনও আশা করছে ইরান আত্মসমর্পণ করবে। তিনি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ থাকলেও ওয়াশিংটন সামরিক লক্ষ্য থেকে এখনও সরে আসেনি।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হলে সংঘাত পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
তবে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হলে শত্রুদের অপ্রত্যাশিত চমক মোকাবিলা করতে হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
পূর্বকোণ/রেহেনুমা
















