চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মাঝ আকাশে সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

মাঝ আকাশে সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের আইডাহোতে এক সামরিক ঘাঁটিতে এয়ার শো চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর দুটি ইলেকট্রনিক যুদ্ধকৌশলী বিমান বিধ্বস্ত হয়েছে। তবে সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ার আগেই বিমান দুটির চার ক্রু নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন।

 

রবিবার আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বোইজি থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাউন্টেইন হোম বিমান বাহিনীর ঘাঁটিতে এয়ার শো ‘গানফাইটার স্কাইস’ চলাকালে এ ঘটনা ঘটে বলে মার্কিন এক বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

 

সংঘর্ষে জড়ানো বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের উইডবি দ্বীপে অবস্থিত ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯ ইউনিটের ইএ-১৮জি গ্রাউলার, জানিয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বহরের নৌবিমান বাহিনীর মুখপাত্র কমান্ডার আমেলিয়া উমাইয়াম।

 

তিনি জানান, আকাশে প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় দুই যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়।

 

“দুই বিমানের চার ক্রু’ই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন,” বিবৃতিতে বলেছেন তিনি।

 

কেন এ সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন নৌবাহিনী এ তদন্তের নেতৃত্ব দিচ্ছে। সামরিক বাহিনীর বিমান হওয়ায় বেসামরিক বিমান দুর্ঘটনার মতো এ তদন্তের খুঁটিনাটি জানানো হবে না।

 

বিমান ঘাঁটির কর্মকর্তারা বলেছেন, চার ক্রু-ই সুস্থ আছেন, তাদের অবস্থা স্থিতিশীল এবং বিমান বিধ্বস্তের ঘটনায় মাটিতে থাকা কেউ আহত হননি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট