চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হরমুজের বিকল্প পাইপলাইন নির্মাণের ঘোষণা আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২৬ | ৩:৩৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে।

দেশটি জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের (ADNOC) রপ্তানি সক্ষমতা দ্বিগুণ করতে ফুজাইরাহ বন্দরমুখী নতুন পশ্চিম-পূর্ব (West-East) পাইপলাইন নির্মাণ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে।

আবুধাবি মিডিয়া অফিস শুক্রবার (১৫ মে) এক ঘোষণায় জানায়, নতুন পাইপলাইন প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে চালু হবে। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউএই।

ফুজাইরাহ বন্দরটি ওমান উপসাগরের তীরে অবস্থিত এবং এটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চালু থাকা হাবশান-ফুজাইরাহ পাইপলাইনের মাধ্যমে আবুধাবি তাদের তেলক্ষেত্র থেকে সরাসরি উপকূলে তেল পরিবহন করতে পারে, ফলে তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয় না।

বর্তমান পাইপলাইনটির দৈনিক পরিবহন সক্ষমতা প্রায় ১৮ লাখ ব্যারেল। যুদ্ধ-পূর্ব সময়ে ইউএই দৈনিক প্রায় ৩৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করত।

বিশ্লেষকদের মতে, নতুন পাইপলাইন চালু হলে ইউএই শুধু তাদের রপ্তানি সক্ষমতাই বাড়াবে না, বরং হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক বা রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও অনেকাংশে কমাতে পারবে।

উল্লেখ্য, ফুজাইরাহ বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ ও জাহাজে জ্বালানি সরবরাহ কেন্দ্র হিসেবেও পরিচিত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট