চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল একজনকে, ভাঙল হাত-পা

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৬ | ৭:৫০ অপরাহ্ণ

ভারতে শক্তিশালী ঝড়ো হাওয়ায় টিনের চালাসহ একব্যক্তিকে প্রায় ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৩ মে) উত্তর প্রদেশের বেরেলিতে আঘাত হানা ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

তবে এ সময় নানহে মিয়াঁ নামের ওই ব্যক্তির হাত ও পা ভেঙে যায়। পরে হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। তার বাড়ি বেরেলি জেলার ভামোরা থানা এলাকায়।

নানহে মিয়াঁ জানান, ঝড়ের সময় তিনি একটি দড়ি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় তিনি ও টিনের চালা দুটোই উড়ে যায়।

এনডিটিভিকে তিনি বলেন, ‘আমি ৩০-৪০ ফুট উপরে উঠেছিলাম। কোথায় গিয়ে পড়েছি, জানি না। অন্তত ৫০ ফুট দূরে গিয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, নিরাপদ থাকার আশায় তিনি দড়িটি ধরেছিলেন। কিন্তু প্রবল বাতাসে সেটি ছিঁড়ে যায়।

হাসপাতালে উপস্থিত এক কর্মকর্তা নানহে মিয়াঁর সঙ্গে কথা বলেন এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

উত্তর প্রদেশজুড়ে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বেরেলির এ ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব জেলাকে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতির তথ্য প্রতি তিন ঘণ্টা পরপর পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ বিতরণসহ ত্রাণ কার্যক্রমের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার বজ্রসহ বৃষ্টিতে উত্তর প্রদেশে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি। এছাড়া ১১৪টি গবাদিপশুও মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জেলাগুলোকে প্রতি তিন ঘণ্টা পরপর পরিস্থিতির হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বিতরণ, উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কার্যক্রমের তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে হালনাগাদ করতে হবে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট