দীর্ঘ চার দশক পর ফের আইনজীবীর পোশাকে (কালো গাউন ও ব্যান্ড) দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে তিনি কলকাতা হাইকোর্টে পৌঁছান এবং প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে ভোট পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় সওয়াল করেন।
আদালতে মমতা বলেন, তিনি ১৯৮৫ সাল থেকে একজন নিবন্ধিত আইনজীবী এবং নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছেন। সওয়াল করতে গিয়ে তিনি জানান, নির্বাচনে জেতার পর রাজ্যে নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে এবং তৃণমূলের প্রায় ১৬০টি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, রাজ্যের মানুষকে বাঁচান, পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়।
তবে শুনানি চলাকালীন এক আইনজীবী তাঁকে লক্ষ্য করে এখানে নাটক করবেন না. বলে কটাক্ষ করেন। সওয়াল শেষে আদালত কক্ষ থেকে বেরোনোর সময় আইনজীবীদের একাংশের ‘চোর-চোর’ স্লোগানের মুখেও পড়েন তিনি। এদিকে, মমতার আইনি প্র্যাকটিস এবং সদস্যপদ সংক্রান্ত তথ্য যাচাই করতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই) পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । আদালত এদিনের শুনানিতে পুলিশকে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ঘরছাড়াদের নিরাপদে ফেরানোর নির্দেশ দিয়েছে।
পূর্বকোণ/কায়ছার
















