রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলায় নিহত হয়েছেন।
নিহত আব্দুর রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
জানা গেছে, আব্দুর রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন।
মঙ্গলবার (১২ মে) সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছাম্মৎ আফরোজা আক্তার আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুর রহিমের মৃত্যুর খবর শুনে আমার কলিজাটা কেঁপে উঠে। কারণ সে আমার আত্মীয় হয়। আমরা চাই সরকার যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।
এর আগে ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় এক বাংলাদেশি ও এক নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।
নিহতের বাবা আজিজুল হক বলেন, ‘রহিম যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে আর ফিরে পাব না।’
নিহতের ছোট ভাই আব্দুর রহমান জানান, পরিবারের কাউকে না জানিয়ে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমদিকে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তীতে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন ও ভিডিও কলে কথা বলা বন্ধ করে দেন আব্দুর রহিম; কেবল ভয়েস মেসেজের মাধ্যমে সীমিত যোগাযোগ ছিল।
পূর্বকোণ/এএইচ
















