ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ১৮৩টি আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আজ সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হয়। গণনায় দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৮৩টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে আছে।
অপরদিকে সিপিএম দুইটি আসনে এগিয়ে আছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়।
প্রথম পর্যায়ে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।
আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
ভোট গণনায় বিশেষ নজর থাকবে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর। কারণ, আজকের ফলাফলের ওপর ভিত্তি করেই এ দু’জনের মধ্যে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন।
পূর্বকোণ/পিআর


















