ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। তবে আগুন লাগার পর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বহু বাসিন্দাকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারী দল।
রবিবার (৩ মে) ভোরে দিল্লির পূর্বাঞ্চলের বিবেক বিহার এলাকায় চারতলা একটি ভবনে এ ঘটনা ঘটে বলে জানায় আনন্দবাজার অনলাইন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে আগুন লাগে। সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন। তবে স্থানীয়দের তৎপরতায় বেশির ভাগ বাসিন্দাকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করে আনা হয়। আগুনের মধ্যে আটকে পড়েছিলেন বাসিন্দাদের অনেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাত প্রায় ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে ধোঁয়া জমে যাওয়ায় অনেক বাসিন্দা আটকা পড়েন।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে বহুতল ভবনের তিন তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল এবং দ্রুত ছড়াচ্ছিল যে তা নিয়ন্ত্রণ করতে দমকলবাহিনীকে হিমশিম খেতে হয়। পরে দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আসে। মোট ১৪টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা জোরালো কিছু বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি বিস্ফোরণ হওয়ায় আগুন লেগেছে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশিরভাগ বাসিন্দাকেই সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না দাবি স্থানীয়দের। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
সহদরার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্রপ্রসাদ মীনা বলেন, ‘সকালে আমাদের কাছ খবর আসে বিবেক বিহারের একটি বহুতলে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকল এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বহুতলে আর কেউ আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।’
পূর্বকোণ/পিআর


















