পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৪৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১০৮টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান হাজীরা।
রবিবার (৩ মে) সকালে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল শনিবার রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।
এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। একইসঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৯টি ফ্লাইটে আরও ৭ হাজার ৮৯০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন।
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পূর্বকোণ/এএইচ


















