
ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ শ্রমিক। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর আনন্দবাজার।
রবিবার (১৯ এপ্রিল) তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার কাঠামোটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
কী কারণে বিস্ফোরণটি হয়েছে, প্রাথমিকভাবে তা স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পিটিআই জানাচ্ছে, বিস্ফোরণের সময়ে কারাখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনাস্থলেই অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলও পৌঁছে যায় ঘটনাস্থলে। বিস্ফোরণস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। ধসে যাওয়া ওই ছাইয়ের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন কর্মকর্তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দোষীদের খোঁজে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।
পূর্বকোণ/পিআর