চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৬ | ৫:৩৩ অপরাহ্ণ

ইরানকে যেন কোনও ধরনের অস্ত্র সরবরাহ করা না হয়, সে বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে শি জিনপিং জানিয়েছেন, চীন তেহরানকে কোনও অস্ত্র দিচ্ছে না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বুধবার প্রচারিত ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি শি জিনপিংকে চিঠি লিখে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ‘আমি তাকে (শি জিনপিং) এটি না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলাম এবং তিনি আমাকে চিঠিতে তা করছেন না বলে উত্তর দিয়েছেন।’

 

তবে এই চিঠিগুলো ঠিক কবে আদান-প্রদান করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কোনও দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে সেই দেশের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে।

 

আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের মতে, ইরান যুদ্ধ কিংবা ভেনেজুয়েলার পরিস্থিতির কারণে বৈশ্বিক তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এই বৈঠকের ওপর কোনও প্রভাব ফেলবে না।

 

চীনের তেলের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি (শি জিনপিং) এমন একজন মানুষ যার তেলের প্রয়োজন আছে। কিন্তু আমাদের নেই।’ জ্বালানি শক্তিতে যুক্তরাষ্ট্রের স্বয়ংসম্পূর্ণতার বিষয়টি উল্লেখ করতেই ট্রাম্প এমন মন্তব্য করেন।

সূত্র: রয়টার্স

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট