ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ১২৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১২৪ বাংলাদেশি। আটক বাংলাদেশিদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং–এর নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ ও সেখানে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি।
বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)–এ একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
বেঙ্গালুরু সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশে গত কয়েক দিন ধরে বিভিন্ন থানার এলাকায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগ সহায়তা করেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর


















