নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়ো’র ইবাদান শহরের একটি স্কুলে আয়োজিত ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় স্থানীয় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় ও প্রচণ্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাইস্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। যারা এখনও সন্তানদের খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘণ্টা আগেই উপস্থিত হয়েছিলেন। তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ আয়োজকরা পাঁচ হাজার শিশুর প্রত্যেককে অর্থ ও অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল ও মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।
এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
পূর্বকোণ/মাহমুদ


















