চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

এসএসসি-সমমানের পরীক্ষা কাল : চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার ৭২৪

এসএসসি-সমমানের পরীক্ষা কাল : চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার ৭২৪

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামসহ দেশব্যাপী একযোগে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন। তারা ১ হাজার ২১৮টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতবছর (২০২৫ সালে) এসএসসির পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনের জন্য শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

 

জানতে চাইলে তিনি বলেন, প্রথমবারের মত এসএসসি পরীক্ষায় এবার সিসি ক্যামেরা বসানো হয়েছে। চট্টগ্রামের ২১৮টি কেন্দ্রে আমরা সরেজমিন পরিদর্শন করেছি। প্রতিটি কেন্দ্রে যথা সময়ের আগেই ক্যামেরা স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া, পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মোট ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র। অন্যদিকে এবার ৭৪ হাজার ৩৭৩ জন ছাত্রী অংশ নেবে পরীক্ষায়। গত বছর অংশ নিয়েছিল ৬১ হাজার ৬৫২ জন ছাত্র এবং ৭৯ হাজার ২১ জন ছাত্রী।

 

চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দেবে। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ১৬৪টি। গত বছর এই পাঁচ জেলায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২১৯। এবার কেন্দ্র ২১৮টি। গতবারের চেয়ে চট্টগ্রাম জেলায় দুটি কেন্দ্র কমেছে। বান্দরবান জেলায় একটি কেন্দ্র বেড়েছে।

 

এবার চট্টগ্রাম জেলা থেকে ৯২ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কক্সবাজার জেলায় অংশ নিচ্ছে ১৮ হাজার ৯২৪, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৪ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘এবার পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট