চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।
মিছিলটি বন্দরটিলা আলী শাহ মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালিকা সাহেদা মতিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগরীর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন, রাবেয়া বেগম ও রোকেয়া বেগম প্রমুখ।
এ সময় তারা মোহাম্মদ শফিউল আলমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত নারী সমাবেশে শফিউল আলম বলেন, আজকের এই নারী সমাবেশ প্রমাণ করে, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সরাসরি অংশ নিতে রাজপথে নেমে এসেছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও প্রেরণা দিয়েছে।
তিনি আরও বলেন, নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ কখনো এগোতে পারে না। নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি, এ এলাকায় নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ


















