চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

পাহাড়তলীর রাশমনি ঘাটে মাছ ধরার নৌকায় ডাকাতি, গ্রেপ্তার ৫

পাহাড়তলীর রাশমনি ঘাটে মাছ ধরার নৌকায় ডাকাতি, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৫ | ৮:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলী থানার রাণী রাশমনি ঘাটের অদূরে সাগরে মাছ ধরার সময় জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা  ঘটেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ফিশিং বোট, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল।

গ্রেপ্তার পাঁচজন মো. সুমন মিয়া (৩০), মো. জুয়েল (২৮), মো. মনির উদ্দিন (২৮), সোহেল উদ্দিন (২৪) এবং আব্দুল মোত্তালেব।  

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন (ওসি) জানিয়েছেন,  মৎস্যজীবী মনির হোসেন (৪০) এবং তার সঙ্গীরা গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রাণী রাশমনি ঘাটের কাছে সাগরে মাছ ধরছিলেন। তখন দুটি ট্রলারে থাকা ১৫–১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ডাকাতরা জেলেদের জিম্মি করে ১২ লাখ টাকার মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেন। পরে শুক্রবার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে  ৯৯৯–এ ফোন করে ডাকাতির বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ রাতেই রাণী রাশমনি ঘাট ও সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালায়।

 ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত বাকিরা এখনও পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডাকাতির শিকার মৎস্যজীবী মনির হোসেন বলেন, “আমরা সাগরে মাছ ধরছিলাম। হঠাৎ দুটি ট্রলার থেকে লোক এসে আমাদের ওপর হামলা চালায়। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে সবকিছু নিয়ে যায়। আমরা কিছু করতে পারিনি।”

এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে পাহাড়তলী থানায়।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট