চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশন, আটক ২

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৪ | ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনের ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে পুলিশ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, নগরীর কোতোয়ালী থানাধীন জে এম সেন হল পূজামণ্ডপে সংঘটিত ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি কমিশনারের কার্যালয়ের নিচতলার মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

 

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জে এম সেন হলে দেশাত্মবোধক সঙ্গীতের কথা বলে চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যরা ইসলামি গান পরিবেশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সেনাবাহিনীসহ প্রশাসনের অনেকে। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গেই মতবিনিময় করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন তিনি।

 

পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ওই সংগঠনটিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। যদিও জামায়াত ও শিবির জানিয়েছে, তারা এই গান করার বিষয়ে কিছুই জানে না, গানের দলটিও তাদের কোনও অঙ্গ-সংগঠন নয়।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট