চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যা: চট্টগ্রামের অস্ত্র বিক্রেতা মাজেদুল রিমান্ডে

শহীদ ওসমান হাদি হত্যা: চট্টগ্রামের অস্ত্র বিক্রেতা মাজেদুল রিমান্ডে

অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৬ | ৮:২১ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় চট্টগ্রামের অস্ত্র বিক্রেতা মো.মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ এপ্রিল) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

এর আগে গতকাল চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয় । আজ তাকে আদালতে হাজির করে মামলা তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভুঁইয়া। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং আসামি নিজেও আদালতে কোনো বক্তব্য প্রদান করেননি।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ওসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, উদ্ধারকৃত ওই অস্ত্র থেকেই ঘটনাস্থলে পাওয়া গুলি ছোড়া হয়েছিল । তদন্তে জানা যায়, অস্ত্রটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানি’র কাছে বিক্রি করা হয়েছিল, যার মালিক আসামি মাজেদুল হক হেলাল। চাঞ্চল্যকর তথ্য হলো, মাজেদুলের অস্ত্রের লাইসেন্সটি ২০১৪ সালের পর আর নবায়ন করা হয়নি। লাইসেন্স ছাড়াই তিনি অবৈধভাবে এই অস্ত্র কেনাবেচা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। এখন এই অস্ত্রটি কীভাবে তার কাছ থেকে খুনিদের হাতে পৌঁছাল, তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয় । এর আগে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও মামলার বাদী তাতে নারাজি আবেদন করেন, যার প্রেক্ষিতে আদালত সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট