চট্টগ্রাম শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার

চবি সংবাদদাতা

১১ এপ্রিল, ২০২৬ | ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। বাসাটির শৌচাগারের স্লাবের নিচে আশ্রয় নিয়েছিল সাপটি।

 

সাপটি উদ্ধার করেন স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)-এর সাপ উদ্ধারকারী দলের সদস্যরা। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা স্লাব ভেঙে সাপটি বের করে আনেন।

 

চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার জানান, এটি পৃথিবীর অন্যতম বিষধর সাপের একটি প্রজাতি। বর্তমানে সাপটি থ্রিএসএ দলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রয়োজন হলে এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের বিষ গবেষণা কেন্দ্রে পাঠানো হতে পারে, অন্যথায় ক্যাম্পাসের গহীন বনে অবমুক্ত করা হবে।

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই কিং কোবরার উপস্থিতি রয়েছে। তবে সাপটি সাধারণত মানুষের কোলাহল এড়িয়ে চলে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে আগুন লাগানো এবং অতিরিক্ত আগাছানাশক ব্যবহারের কারণে তাদের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা নিচের দিকে নেমে আসছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট