
বাংলাদেশকে জ্বালানি তেল দিয়ে সহযোগিতা করতে ভারত ও চীনের আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘জ্বালানী সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে।’ চীন বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।
এর আগে রোববার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত। ওই সভার কার্যপত্র থেকে জানা যায়, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতিমাসে ২০ হাজার টন ডিজেল আনার প্রস্তাব করেছে বাংলাদেশ।
চলতি বছর এই চুক্তির আওতায় ৫ হাজার টন ডিজেল এসেছে। আগামী দু-একদিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেলের সরবরাহ পেতে যোগাযোগ রাখছে ঢাকা। এছাড়া, চুক্তির আওতায় বিদ্যমান অতিরিক্ত ৬০ হাজার টন অপশনাল পরিমাণ থেকেও সরবরাহ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ