চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সর্বোচ্চ সক্রিয় অংশগ্রহণ চাই: শিক্ষামন্ত্রী

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সর্বোচ্চ সক্রিয় অংশগ্রহণ চাই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২ মার্চ, ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ

নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ ও শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। জাতির ভবিষ্যৎ নির্মাণে এই পরিবারের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

 

সোমবার (২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএসের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

 

মন্ত্রী বলেন, দীর্ঘ বিলম্বের পর নতুন কর্মকর্তাদের যোগদান প্রশাসনিক ইতিহাসে অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের বিলম্বের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদের শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।

 

এ সময় ২৭তম বিসিএসের কর্মকর্তাদের চাকরি স্থায়ী হওয়ার পর দ্রুত পদোন্নতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট