চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক

২ মার্চ, ২০২৬ | ১:২৯ অপরাহ্ণ

লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ-পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি শত্রুদের অভিযানে’ হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ নাগরিক নিহত এবং ১৪৯ নাগরিক আহত হয়েছেন।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।

 

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

 

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

 

এরপরই আক্রান্ত স্থানগুলোর ও আশপাশের বাসিন্দারা গাড়িতে করে ও হেঁটে বৈরুত থেকে পালাতে শুরু করে। এতে রাস্তায় রাস্তায় জট লেগে যায়।

 

ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের ওপরও হামলা চালিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট