চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি: সন্ত্রাসীদের ‘চিহ্নিত করা গেছে’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মার্চ, ২০২৬ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় সন্ত্রাসীদের একটি গ্রুপকে চিহ্নিত করা ‘সম্ভব হয়েছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাউদ্দিন বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্টগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে।

সেই সন্ত্রাসী গ্রুপ হয়ত সুবিধা পায়নি দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।

নগরীর চন্দনপুরায় শনিবার সকালে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবার নিয়ে বসবাস করেন।

এর আগে ২ জানুয়ারিও বাড়িটি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছিল।

মুজিবুর রহমান বলেছিলেন, বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছিলেন, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোন দিয়ে হুমকি দেয়।

প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায এবার বাড়ির পেছন থেকে গুলি করেছে। এভাবে চলতে থাকলে ব্যবসার সু্ষ্ঠু পরিবেশ যেমন বিঘ্নিত হবে, তেমনি ব্যবসায়ীদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হবে।

দেশের শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে চাঁদাবাজ যত আছে তাদের সবাইকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার ‘ব্যবস্থা করা হবে’ বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ওদেরকে চিহ্নিত করা গেছে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট