চট্টগ্রাম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দাবি আফগানিস্তানের

চলছে তুমুল সংঘাত, পাকিস্তানের ৫৫ সেনা নিহত

অনলাইন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে বৃহস্পতিবার থেকে তুমুল সংঘাত শুরু হয়েছে। আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। এনিয়ে পাকিস্তান প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। সেইসঙ্গে অনেক পাকিস্তানি সেনাকে আটক করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাত ১২টায় উপ-আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়।

তবে নিজেদের সেনা হতাহত নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

আগেকার সংঘাতের মতো এবারও পাকিস্তানি ও আফগান বাহিনী, উভয় পক্ষই একে অপরকে প্রথমে আক্রমণ করার অভিযোগ করেছে। উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।

আফগান শহরগুলোতে একাধিক বিমান হামলার পর, যখন তাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়, তখন তিনি এই ঘোষণা দেন।

খাজা লিখেছেন, পাকিস্তান সরাসরি উপায়ে এবং বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। তবে এবার আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ।

শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব।

এসব হামলায় আফগানিস্তানের ১৩৩ জন যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন