
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ইতিবাচক ও সুসংহত করার বার্তা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে বহুমুখী সহযোগিতা এগিয়ে নিতে উন্মুখ।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি পৌঁছে দেন। সফরকালে ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, দুই দেশের এই সুগভীর সম্পর্ককে আরও বেগবান করতে ভারত নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায়। নতুন এই যাত্রায় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মূলত ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় রেখে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এখন দিল্লির অন্যতম লক্ষ্য।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ