চট্টগ্রাম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:২৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন।

 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মূলত সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, সরকার একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করবে, যার আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

 

এছাড়াও তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করার, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং গণমাধ্যম কমিশন গঠনের বিষয়েও পরামর্শ দিয়েছেন।

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো সেবাগুলো দ্রুত জনগণের কাছে দৃশ্যমান করার নির্দেশ দিয়েছেন।

 

এছাড়া তিনি জানান, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও বৈঠকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান উল্লেখ করেন, রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আসন্ন ঈদে মানুষের ঘরে ফেরা যেন নির্বিঘ্ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

 

মূলত জনজীবনে স্বস্তি নিশ্চিত করা এবং নির্বাচনী অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই প্রথম বৈঠকে সরকারের পক্ষ থেকে এই বিশেষ রূপরেখা প্রদান করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট