
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নেতা-কর্মীদের বাড়িঘরে ‘হামলার’ প্রতিবাদে সোমবার ঢাকায় প্রতিবাদ মিছিল করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
নির্বাচন এবং নির্বাচনের পরের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিন দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে ওই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে, এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।
আযাদ অভিযোগ করেন, নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে।
তিনি বলেন, “আমরা যারা একসাথে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনও পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাইনি।”
তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় ১১ দলের এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও।
তিনি আরও বলেন, “ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে, ঘষামাজা, কাটাছিঁড়া, ওভাররাইটিং এবং অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন, ঢাকা-৬ আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে।” সূত্র: বিবিসি
পূর্বকোণ/পিআর