
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে একটি সংবাদ সম্মেলনে দলটি এই দাবির কথা জানায়।
জামায়াত বলছে, ভোট পুনর্গণনা হলে অনেক আসনের ফল পাল্টে যাবে; এর মধ্যে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩, ঢাকা-৬ আসনও রয়েছে।
ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।
প্রসঙ্গত, এই নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসন পেয়েছে এবং জোটগতভাবে পেয়েছে ৭৭টি আসন। তারা সংসদের বিরোধী দল হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা আপাতত ৩০টি আসনের অভিযোগ পেয়েছেন। আরো কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেওয়া হচ্ছে।
‘ইচ্ছাকৃতভাবে’ ফল বদলে দেওয়া, সন্ত্রাস, ম্যানিপুলেশন, জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ কারণে ফেল করিয়ে দেওয়া, সর্বোপরি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছে দলটি।
‘প্রশাসনের একদল এবং নির্বাচন কমিশনের একদল’ লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের।
পূর্বকোণ/সিজান/পারভেজ