
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যুবকদের হাত ধরে দেশ এগিয়ে চলবে। এ দেশকে আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা আমাদের মুখের কথা নয়, বুকের কথা। এই যুবকদের কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।
আজ শনিবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা এই সভার আয়োজন করে।
চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘এখানে বিপুলসংখ্যক চা-শ্রমিক ভাই-বোনেরা আছেন। চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। তাঁদের ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়ার শামিল হয়ে যাবে। চা-শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য-শিক্ষা দরকার। আমরা চাই না রাজার ছেলে রাজা হোক, রানির মেয়ে রানি হোক। আপনার সন্তান যদি মেধাবী হয়, আমরা যদি তার মেধা বিকাশের দায়িত্ব নিই, তাহলে সে এক দিন দেশের প্রধানমন্ত্রী হবে।’
সভায় জামায়াত আমির মৌলভীবাজার-২ আসনের দলীয় প্রার্থী মো. সায়েদ আলী ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে পরিচয় করিয়ে তাঁদের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির মৌলভীবাজার-২ আসনে দলীয় প্রার্থী মো. সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান, লেবার পার্টির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী বক্তব্য দেন। এর আগে শফিকুর রহমান হেলিকপ্টারে করে কুলাউড়া সরকারি কলেজ মাঠে পৌঁছান।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ