
বর্ণিল উৎসব আনন্দে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। ‘স্বচ্ছ পানির ধারা ধুয়ে মুছে দিবে অতীতের সব দুঃখ গ্লানি, নতুন বছর বয়ে আনবে অনাবিল শান্তি সমৃদ্ধি’ এই প্রত্যাশা নিয়ে মারমা সম্প্রদায়ের নারী পুরুষ নানা রঙ্গে নানা সাজে সেজে উৎসবে অংশ নিয়েছে।
বর্ষবরণ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শুধু মারমা সম্প্রদায় নয় ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ সবাই একসাথে এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা সাজে সেজে অংশ নেয়।
বেলুন উড়িয়ে শোভা যাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সদস্য সাচিং প্রু জেরী। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, রাজপুত্র সাচ প্রু সহ উৎসব উদযাপন কমিটি ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেওয়ায় পুরো শহর হয়ে উঠে বর্ণিল। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। উৎসব দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন বান্দরবান শহরে। আগামীকাল মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান বুধ ও বৃহস্পতিবার শহরের রাজার মাঠে জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/পিআর