
চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরে ভোজ্যতেলের অবৈধ মজুত রোধে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর এক অভিযানে আলম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্যও জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) পৌরসভার আলিপুরস্থ পুরাতন থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আলম এন্টারপ্রাইজের গুদামে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত অবস্থায় পাওয়া যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে তেল মজুত করা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা এবং পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন পণ্য মজুত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। একই সাথে প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে, বর্তমানে মজুতকৃত তেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো পণ্য মজুত করা যাবে না। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও হাটহাজারী মডেল থানা পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ