চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে হিমায়িত মাছের আড়ালে ইয়াবা পাচার, ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে হিমায়িত মাছের আড়ালে ইয়াবা পাচার, ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৬ | ২:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে হিমায়িত মাছবোঝাই মিনি পিকআপযোগে ইয়াবা পাচারের সময় চালকও হেলপারকে আটক করেছে বিজিবি। এসময় পিকআপে থাকা মাছের ড্রামে থাকা ১ লাখ ৭১ হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) শীলখালী অস্থায়ী চেকপোস্ট থেকে এসব ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।

 

আটকরা হলেন- টেকনাফ থানাধীন নতুন পল্লান পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মমতাজের ছেলে পিকআপ চালক মো. ফিরোজ (৩৫) ও নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে গাড়ির হেলপার মো. ফয়সাল (২০)।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উখিয়া-৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গতকাল গভীর রাতে কক্সবাজারগামী একটি মাছের মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করে। তল্লাশীর সময় মাছবোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্যে টেপ দ্বারা প্যাঁচানো ১ লাখ ৭১ হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারি করার উদ্দেশ্যে যাচ্ছিল তারা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট