চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ‘ধর্ষণ’, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

পেকুয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ‘ধর্ষণ’, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ভয় দেখিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত মোহাম্মদ আবিদকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় সালাউদ্দিন ব্রিজের সামনে থেকে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

 

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থী শীলখালী উচ্চ বিদ্যালয় ছাত্রী। তিনি প্রতিদিনের মতো সেদিনও বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত যুবক মোহাম্মদ আবিদ ও তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে একটি টমটম অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করা হয়।

 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আমাদের মেয়েকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে; এমন খবর পেয়ে পেকুয়া চৌমুহনী এলাকায় একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করি। পরে খবর পেয়ে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মোহাম্মদ আবিদকে আটক করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেছেন, এ ঘটনায় ভিকটিম উদ্ধার আছে। ভুক্তভোগীর পক্ষে একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত যুবক মোহাম্মদ আবিদকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট