
চট্টগ্রামের বাঁশখালীতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপনের দায়ে শফিকুর রহমান নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া আদর্শ গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুর রহমান চেচুরিয়া আদর্শ গ্রাম খালের দুই দিকের স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ করে দেন। তিনি খালের পাড়ের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে সেখানে একটি মৎস্য প্রকল্প গড়ে তোলার কাজ করছিলেন। এর ফলে আসন্ন বর্ষা মৌসুমে ওই এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় সরকারি আইন অনুযায়ী এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় অভিযুক্ত শফিকুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ