
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক প্রখ্যাত আলেম আল্লামা মুফতি মাওলানা আবু তাহের কাসেমী নদভী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
তার মৃত্যুতে পটিয়াসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা। তাদের মধ্যে বিরাজ করছে গভীর শোক। দীর্ঘদিন ধরে তিনি একজন শিক্ষক, অভিভাবক ও আলেম-উলামাদের প্রেরণার উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, আজ সোমবার রাত সাড়ে ১১টায় মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/পিআর