চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বসন্ত, নিয়ে এলো প্রেম - কী মহাসমারোহে...
পলাশ ফুটেছে, হৃদয়ে এসেছে বসন্ত

বসন্ত, নিয়ে এলো প্রেম – কী মহাসমারোহে…

তাসনীম হাসান

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

বাতাসে বহিছে প্রেম

নয়নে লাগিল নেশা,

কারা যে ডাকিল পিছে

বসন্ত এসে গেছে…

 

২০১৪ সালে মুক্তি পাওয়া চতুষ্কোণ সিনেমার সেই বহুল জনপ্রিয় গান-‘বসন্ত এসে গেছে’। গানটি কণ্ঠে তুলেছিলেন লগ্নজিতা চক্রবর্তী। কলকাতার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মনেও দোলা দিয়েছিল সুর আর কথার এই মায়াবী মেলবন্ধন। গানটির মতো করেই ঋতুরাজ বসন্ত আবার এসে দাঁড়িয়েছে আমাদের দুয়ারে। আজ সেই বহু আরধ্যের পয়লা ফাল্গুন। শীতের ধূসর চাদর সরিয়ে রোদ ঝলমলে এক নতুন সকাল হাজির হয়ে জানিয়ে দেবে রঙিন ঋতুর আগমনী বার্তা। তবে বসন্ত কি কেবল ক্যালেন্ডারের একটি ঋতু? না, বসন্ত আসলে অনুভূতির নাম। এটি প্রেমের প্রতীক, নবজাগরণের ডাক। তাই তো বসন্তের হাত ধরেই আসে ভালোবাসা দিবস। প্রকৃতি আর প্রণয়ের এই যুগলবন্দিতে দিনটি হয়ে ওঠবে আরও অর্থবহ-আরও রঙিন।

 

ফাল্গুনের হালকা দখিনা হাওয়ায় আজ জেগে উঠবে দেশ। উত্তুরে শীতল বাতাস বিদায় নিয়েছে, তার জায়গা দখল করেছে উষ্ণ, মোলায়েম স্পর্শ। গাছে গাছে ফুটেছে তোকা তোকা ফুল-কোথাও কৃষ্ণচূড়া, কোথাও রাধাচূড়া; কোথাও অশোক-পলাশের আগুনরাঙা শোভা। মৌমাছির গুঞ্জন, কোকিলের কুহুতান, কচি পাতার সবুজে প্রকৃতি যেন নবযৌবনের সাজে সেজেছে। নদীতীর, মাঠ-প্রান্তর, অরণ্য-সবখানে প্রাণের উচ্ছ্বাস। এমন দৃশ্য দেখেই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন-‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে…।

 

মনে মনেও নয় কি? বসন্ত মানেই রঙের উল্লাস। তাই দিনটিকে ঘিরে সাজবে মানুষও। নারীরা পরবেন বাসন্তী শাড়ি, খোঁপায় গাঁদা কিংবা পলাশ। পুরুষদের পোশাকেও থাকবে হলুদ, কমলা বা লালের ছোঁয়া। ক্যাম্পাস, পার্ক, নগরের পথ-সবখানেই যেন রঙিন উৎসবের ঢেউ।

 

আর তরুণ-তরুণীদের কাছে? বসন্ত মানেই ভালোবাসা প্রকাশের সাহসী মুহূর্ত। সারাবছরের অপেক্ষা, অপ্রকাশিত অনুভব, না বলা কথা-সব যেন আজ উচ্চারণের দিন। প্রকৃতির রঙ যেমন ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনি তার ছোঁয়া লাগে হৃদয়ে। প্রিয়জনের হাত ধরা, একটুখানি সময় একসঙ্গে কাটানো, কিংবা একটি ফুল উপহার-এই সামান্য মুহূর্তগুলোই হয়ে ওঠে স্মরণীয়। বসন্ত তখন শুধু ঋতু নয়, হয়ে ওঠে হৃদয়ের ভেতর জন্ম নেওয়া এক নরম আলো। শুধু পুরনো প্রেমের উৎসব নয়, সেই উৎসবে সংক্রমিত হয়ে তরুণ হৃদয়ও পড়ে নতুন প্রেমের ‘শেকলে’-কবিতার মতো করে-‘কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখে আগে। রাঙালে মন সূক্ষ্ণরাগে।’

 

তবে এই ঋতু কেবল তরুণদের জন্য নয়। বসন্ত নতুন প্রাণ জাগায় প্রবীণ মনেও। জীবনের ক্লান্ত পথ পেরিয়েও মানুষ খুঁজে পায় রঙের স্পর্শ, স্মৃতির উষ্ণতা। বসন্ত তাই বয়স মানে না; সে ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতম কোণও।

 

রং, রূপ, রস আর লাবণ্যে ভরা এই ঋতু আমাদের শেখায়-জীবন মানেই রঙিন। শীতের জড়তা কাটিয়ে আবারও জেগে ওঠা। ভালোবাসাকে নতুন করে আবিষ্কার করা।

 

স্বাগত বসন্ত! তুমি যে নিয়ে এলে প্রেম-কী মহাসমারোহে…..

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট