
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকলেই কেবল এই চুক্তি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
আশিক চৌধুরী বলেন, “আজ আমরা প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেছি। তিনি আমাদের কথা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছেন এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।”
এনসিটি চুক্তি নিয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে বিডা চেয়ারম্যান বলেন, বিগত অন্তর্বর্তী সরকার এই চুক্তির পক্ষে বা বিপক্ষে কী অবস্থান নিয়েছিল, তা এখন আর মুখ্য নয়। যদি নতুনভাবে পর্যালোচনার পর দেখা যায় যে চুক্তিটি দেশের স্বার্থ রক্ষা করছে, তবেই সরকার তা কার্যকর করার পথে হাঁটবে।
বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা উল্লেখ করে তিনি আরও বলেন, এটি ছিল এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তাই দ্রুত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে বা উপসংহারে পৌঁছানো ঠিক হবে না।
সরকার চায় স্বচ্ছতা ও জাতীয় কল্যাণের বিষয়টি নিশ্চিত করে বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এখন পরবর্তী পদক্ষেপগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানানো হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ