
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় সন্ত্রাসী হামলায় যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. সবুজকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম র্যাব-৭ ও সিলেটের র্যাব-৯ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার সবুজ (২৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন।
গত ৬ এপ্রিল সকালে বাকলিয়ার মাস্টারপুল এলাকার বাসিন্দা মিনহাজ রিকশায় করে কর্মস্থল জহুরুল হকার্স মার্কেটে যাচ্ছিলেন। পথে কোতোয়ালি থানার কোরবানীগঞ্জ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় মিনহাজের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত চালিয়ে আসছিল র্যাব। এরই ধারাবাহিকতায় অবস্থান শনাক্ত করে সবুজকে গ্রেপ্তার করা হয়।
পূবকোণ/এএইচ