
কুরআনভিত্তিক একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে রমজানের শিক্ষা গ্রহণ করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) নগরীর দি কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এই আহ্বান জানান।
এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “রমজান আমাদের জীবনে আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মানুষের ভেতরে লুকিয়ে থাকা পাশবিক প্রবৃত্তিকে দমন করে মানবিক গুণাবলি বিকশিত করার মধ্য দিয়েই রোজার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হয়”।
তিনি আরও উল্লেখ করেন যে, রমজান যদি আমাদের চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনতে না পারে, তবে রোজার মূল তাৎপর্য অপূর্ণ থেকে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
ডা রেজাউল করিম ও ডা. ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ড্যাব নেতা ডা. বেলায়েত হোসেন ঢালী, এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমানসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন যে, রমজান কেবল ইবাদতের মাস নয়, বরং এটি সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করারও সময়। ইসলামী চেতনাকে ধারণ করে সাম্য, শান্তি ও নৈতিকতার ভিত্তিতে দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত বিশিষ্ট চিকিৎসক এবং প্রাইভেট প্রাকটিশনাররা অংশ নেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ