
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁর বাবা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে বিএনপির নতুন সরকারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তরুণদের প্রতিনিধি হিসেবে তিনি এই জায়গা করে নিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মীর হেলাল। তাঁর বাবা ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এবং একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
শিক্ষাজীবনে মীর হেলাল যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন এবং ২০০৪ সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স।
দলীয় রাজনীতিতে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তারেক রহমান পরিচালিত ‘লিগ্যাল রিসার্চ সেল’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং ‘সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ’-এর কোষাধ্যক্ষ।
হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ টাকার বেশি। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন মীর হেলাল।
পূর্বকোণ/কায়ছার