
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাথে এক মতবিনিময়কালে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি সুজান জিন্ডেল ও মো. মাসুক হায়দারের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মেয়র জানান, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নগরবাসীকে সেবা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২১ সালের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হলেও আদালতের রায়ে বর্তমানে তিনি দেশের একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যান্য সিটি করপোরেশনে বর্তমানে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন।
মেয়র বলেন, ৪১ জন সাধারণ ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর না থাকায় বিশাল এই শহরের সেবা নিশ্চিত করতে তাকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে।
দেশের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে মেয়র বলেন, ২০০১ সালের পর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন না হওয়ায় গণতন্ত্র ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ে চসিকসহ সব স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে তিনি মনে করেন।
ইইউ প্রতিনিধি দল জানায়, আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে তারা সংসদীয় নির্বাচনের মূল্যায়ন করছে। গত ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া শেষ হলে তারা ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ