ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগের পর থানার ভেতরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের কারাদণ্ড দেয়া সেই মা-মেয়ের মুক্তি মিলেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়েছিলেন কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। মা-মেয়েকে থানার ভেতরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে পুলিশ ও স্থানীয় প্রশাসন সমালোচনার মুখে পড়ে। […]